“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি বলেন, কুমিল্লার এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন “মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ”। আজ বাংলাদেশে পোশাক শিল্পের পরেই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। এছাড়াও গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ। তিনি আরো বলেন, এবার জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাতদিন ব্যাপী নানা কর্মসূচী নেয়া হয়েছে। এতে মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ গ্রহণ করবেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




