শেরপুরের ঝিনাইগাতীতে কাঠের বাগান কেটে জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য ছানাউল্লাহ আনছারী (৬০)।

লিখিত বক্তব্যে ছানাউল্লাহ আনছারী বলেন, তার ছেলে-মেয়েরা দেশের বাইরে থাকায় তিনি ও তার স্ত্রী হাজেরা খাতুন গুরুচরণ দুধনই এলাকায় বাড়িতে বসবাস করেন। তাদের বাড়ির পাশাপাশি মৃত তহির উদ্দিনের ছেলে মকবুল (৪০) ও মৃত মইতুল্লাহ শেখের ছেলে আব্দুল জব্বারসহ গংদের সাথে জমি-জমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৫ আগস্ট বিকেলে বাড়ির পাশেই তার জমিতে লাগানো কাঠের বাগানের জমি দখলের উদ্দেশ্যে বেআইনীভাবে মকবুল ও আব্দুল জব্বারসহ অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানের সব গাছ কেটে দেয়। এতে তাদের প্রায় ৭০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। গাছ কাটার সময় তাদের বাঁধা দিতে গেলে তারা ছানাউল্লাহ ও তার স্ত্রীকে বেধরক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরও বলেন, তাদের ওই হামলার পর জীবনাশের আশঙ্কাসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগীরা। তারা যেকোন সময় আবারও হামলা করতে পারে। এ ঘটনায় ছানাউল্লাহ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি এ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য হাজেরা খাতুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। যেখানে ৬ জন বিবাদীর নাম উল্লেখ আছে। আমরা তাদের ধরতে চেষ্টা করছি। শীঘ্রই ধরতে পারবো বলে আশা করি।









