‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় শেরপুরেও জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ আগস্ট বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

ওইসময় তিনি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বিশেষত ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশকে সবুজতর করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি পশু-পাখি ও বৃক্ষের বৈচিত্র্য রক্ষা তথা উদ্ভিদ ও প্রাণিকুল রক্ষায় বৃক্ষরোপনের মাধ্যমে বিশাল সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য সারাদেশে বাংলাদেশ পুলিশ ও পুনাক যে কর্মসূচি নিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কর্মসূচি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে শেরপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। জেলা পুনাকের সভাপতি কাজী মোনালিসা মারিয়ার সভাপতিত্বে ওইসময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ওইসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









