শেরপুরে এবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় ভেজাল গুড়ের ২ কারখানার সন্ধান মিলেছে। বুধবার দুপুরে ওই ২ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। ওইসময় একটি ভেজাল কারখানার মালিক স্থানীয় হাতেম আলীর ছেলে সাজল মিয়াকে (৪০) ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল এবং অপর কারখানার মালিক ঈমান আলীর ছেলে মো. আব্বাস উদ্দিনকে (৪৪) ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল দেওয়া হয়। সেইসাথে ভেজাল গুড় ও কেমিকেলগুলো ধ্বংস করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ না করায় তাদেরকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় দুটি কারখানায় দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আখ ছাড়া শুধু চিনি, ময়দা, ডালডা, চিটাগুড় ও কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরিসহ বাজারজাত করে আসছিলেন সাজল মিয়া ও আব্বাস উদ্দিন। পরে বুধবার দুপুর ২টার দিকে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওইসময় এনএসআইয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান জানান, ভেজাল ২ গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে সাজাসহ জরিমানা করা হয়। সেইসাথে ভেজাল উপকরণসহ মালামাল সেখানেই ধ্বংস করা হয়। তার মতে, জনস্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় ভেজাল গুড়ের কারখানার সন্ধান মিলেছিল।









