শেরপুরের নালিতাবাড়ী থানার কনস্টেবল প্রণোয়েল দ্রং শেষ কর্মদিবস ছিল ৩ আগস্ট মঙ্গলবার। দিনটি স্মরণীয় করে রাখতে তাঁকে থানার পক্ষ থেকে সংবর্ধনা শেষে ফুল আর বেলুন দিয়ে সাজানো থানার ওসির সরকারি গাড়িতে পৌঁছে দেওয়া হয় গ্রামের বাড়িতে। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় প্যান্ট, শার্ট, গেঞ্জি; তাঁর স্ত্রীর জন্য শাড়ি, জামা ও ফুল। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, এসআই সাইদুর রহমান, এএসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল এমদাত।

জানা যায়, পুলিশ কনস্টেবল পদে ৪০ বছর চাকরি করেছেন প্রনোয়েল দ্রং। সর্বশেষ নালিতাবাড়ী থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করেন প্রনোয়েল দ্রং। পরে ফুল দিয়ে সাজানো থানার ওসির সরকারি গাড়িতে করে শেষ কর্মস্থল নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংড়া গ্রামের বাড়িতে পাঠানো হয় তাঁকে। ৪০ বছরের চাকরিজীবনের ইতি ঘটিয়ে আজ থেকে তাঁর অবসরোত্তর ছুটি শুরু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, আমার সময়ে থানায় এই নিয়ে তিনজনের এ ধরনের ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান করা হয়েছে। সত্যিকার অর্থে বিদায়বেলাটা খুব কষ্টের হয়। বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই মূলত এই আয়োজন করা হয়েছে।

কনস্টেবল প্রনোয়েল দ্রং বিদায়বেলায় এমন সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ৪০ বছর চাকরিজীবনে সম্মানের সঙ্গে কাজ করেছি। চাকরিজীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া অনেক আনন্দের। ওসি স্যার, ছোট স্যাররা ও আমার সহকর্মীরা আমারে দারুণ সম্মান জানাইছেন। স্যারের গাড়ি ফুলে ও বেলুন দিয়ে সজ্জিত করে আমারে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, পুলিশের সাজানো গাড়ি দেখে গ্রামবাসী অনেকেই আমার বাড়িতে ভিড় করেছেন। পরে আমার সংবর্ধনার বিষয়টি জেনে গ্রামবাসী ও আত্মীয়স্বজন দারুণ খুশি হয়েছেন। বিদায়বেলার এই সম্মান আমার আজীবন মনে থাকবে।









