সড়ক দুর্ঘটনায় নিহত শেরপুরের নকলার পোশাক শ্রমিক সোহাগ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। ১ আগস্ট রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মোজারকান্দা গ্রামের নিহত পোশাক শ্রমিক সোহাগের বাবা আতশ আলীর বাড়িতে গিয়ে তাদের খোঁজ-খবর নেন। ওইসময় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ মোবাইল ফোনে সোহাগের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্তনা দেন। নিহত পোশাক শ্রমিক সোহাগের বাবা-মায়ের হাতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।

সহায়তা প্রদানকালে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি সদস্য মোফাখখারুল ইসলাম ও শাহজাহান মিয়া, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোহাগের বাবা আতশ আলী জানান, তার পরিবারের আয়ের একমাত্র ছেলে মারা যাওয়ায় আজ তারা অসহায় হয়ে গেছে। তিনি বলেন, ডিসি স্যার, ইউএনও স্যার, ইউনিয়ন চেয়ারম্যানসহ আপনারা আমাদের খোঁজ খবর নেওয়ায় আমরা কিছু সময়ের জন্য হলেও ছেলে হারানোর শোক ভুলে ছিলাম।
বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত জানান, এই অসহায় পরিবারের জন্য একমাত্র উপার্জনক্ষম লোক ছিলো সোহাগ। সে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় পরিবারটি আবার অসহায় হয়ে গেলো। এই পরিবারের দিকে সবসময় সুদৃষ্টি রাখবেন বলে তিনি আশ্বস্ত করেন। তাছাড়া নিহত সোহাগের আহত স্ত্রী-সন্তানের আপাতত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ওই সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগের স্ত্রী ও তার এক শিশু সন্তান ছিলো। শিশু সন্তানটি হাতে ও গলায় এবং স্ত্রী কোমরে ও বুকে আঘাত পেয়ে আহত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছেন। তবে সুস্থ্য হতে চিকিৎসার জন্য তাদেরকে শেরপুর জেলা সদর বা নকলা হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন। এজন্য ডাক্তারের সাথে কথা বলে দেবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, পোশাক শ্রমিক সোহাগ মিয়া (৩০) তার উপার্জনের একমাত্র মাধ্যম পোশাক শিল্পের চাকরি বাঁচাতে যাওয়ার পথে ফুলপুর ও তারাকান্দা উপজেলার মধ্যবর্তী কোন এক এলাকায় শনিবার সকাল সোয়া ৮টার দিকে তাদের ট্রাকটিকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে সোহাগ ও মিন্টু মিয়াসহ বেশ কয়েকজন ছিটকে রাস্তায় পড়ে যায়। ঠিক এসময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সোহাগ মিয়ার ওপর ওঠে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।









