স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে শেরপুর জেলা আওয়ামী লীগ। ওই কর্মসূচির আওতায় ১ আগস্ট রবিবার প্রথম দিনে কালো ব্যাজ ধারণ করেছেন দলীয় নেতা-কর্মীরা। সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ জেলা, সদর থানা ও শহর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

৩১ জুলাই শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে হলেও দলীয়ভাবে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি পালিত হবে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি বলেন, জেলা আওয়ামী লীগ গৃহীত শোক দিবসের কর্মসূচি ইতোমধ্যে উপজেলা ও শহর আওয়ামী লীগকে অবহিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে হলেও দলের তৃণমূল পর্যায় পর্যন্ত ওই কর্মসূচি পালিত হবে।




