শিল্প-কারখানা খোলার খবরে শনিবার দিনব্যাপী শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের কর্মস্থলে ফেরার হিড়িক পড়লেও রবিবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে। তবে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে বাসে কিংবা ট্রাকে যাতায়াতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই ১ আগস্ট থেকে শিল্প-কারখানা খুলে দেওয়ার ঘোষণায় গত শনিবার সকাল থেকেই শেরপুর জেলাসহ পাশ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার হাজার শ্রমিক-কর্মচারীরা ঢাকায় ফিরতে শেরপুর শহরে ভিড় জমান। সেদিন বাস চলাচল না করায় ট্রাক, লেগুনা, প্রাইভেটকার, মাইক্রো বা অন্য যে পরিবহন পেয়েছেন, সেটি দিয়েই তারা বাড়তি ভাড়ায় রওনা দেন ঢাকায়। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিলো না। ট্রাকে ২শ টাকার ভাড়ার স্থলে আটশ থেকে বারশত টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেন। হঠাৎ বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। খোলা ট্রাকে বৃষ্টিতে ভিজেই ঢাকা যেতে হয় শ্রমিকদের।

তবে রবিবার দুপুরে শহরের নবীনগর বাস টার্মিনাল ও গৌরীপুর সোনার বাংলা বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীদের ততোটা ভিড় নেই। স্বাভাবিকভাবেই যাত্রীরা আসছেন। পর্যাপ্ত বাস থাকায় যাতায়াতে কোন সমস্যা হচ্ছে না। তবে ভাড়া কিছুটা বাড়তি নেওয়া হচ্ছে বলে জানান ঢাকাগামী যাত্রীরা। নবীনগর বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলো গাজীপুর চৌরাস্তা পর্যন্ত তিনশ টাকার স্থলে চারশ টাকা ভাড়া নিচ্ছে। আর সোনার বাংলা স্পেশাল সার্ভিসের বাসগুলো ভাড়া নিচ্ছে ছয়শ টাকা করে। তারপরও ট্রাকে যাতায়াতের চেয়ে বাসে ঢাকা যাওয়া অনেক ভালো।
ঢাকাগামী যাত্রী ঝিনাইগাতী উপজেলার গোলাম মোস্তফা বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। হঠাৎ অফিস খোলা দিয়েছে। গতকাল এসে গাড়ি না পেয়ে ফিরে গিয়েছি। ট্রাকেও ভাড়া ছিল অনেক বেশি। আজ বাস চলাচল শুরু হওয়ায় ঢাকায় রওনা হয়েছি। ভাড়া স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও গতকালের চেয়ে কম। তবে কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগ জানান কয়েকজন যাত্রী।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। এজন্য জেলার বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে নিয়মিত চেকিং চলছে। এছাড়া বাস টার্মিনালগুলোও পরির্দশন করা হচ্ছে।
তবে বাড়তি ভাড়ার বিষয়ে কথা বলতে জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষের মোবাইলে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।






