ads

শনিবার , ৩১ জুলাই ২০২১ | ১৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুভ হোক শ্যামলবাংলা২৪ডটকম’র অবিচল পথচলা

ড. আবদুল আলীম তালুকদার - ফটো কার্ড
জুলাই ৩১, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ

শেরপুর জেলার অন্যতম প্রধান অনলাইন নিউজপোর্টাল ‘শ্যামলবাংলা২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ জানাই। শেরপুরের মতো দেশের একটি প্রান্তিক ও পশ্চাৎপদ জেলা থেকে এমন সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, আপোষহীন ও সাবলীল সংবাদ পরিবেশন সত্যিই একটি দুরূহ কাজ; এ গুরুদায়িত্বটি দীর্ঘ ৮ বছর যাবত শ্যামলবাংলা২৪ডটকম অত্যন্ত সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পালন করে আসছে; যার সুনাম এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
২০১৯ এর পুরো ডিসেম্বর মাসজুড়ে আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশ সফর করার সময় শ্যামলবাংলা২৪ডটকম’র বদৌলতে বাংলাদেশ তথা শেরপুরের আপডেট সংবাদ জেনে বিদেশ বিভূঁইয়েই নিশ্চিন্ত থেকেছি। আর সুদূর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খিরা জানায় যে, তারা শ্যামলবাংলা২৪ডটকম’র মাধ্যমে নিয়মিত দেশের খবর, শেরপুরের খবর জানতে পারেন। এমনকি বিভিন্ন সময় শ্যামলবাংলায় প্রকাশিত আমার লেখা পড়ে তারা আমাকে অভিনন্দন-মন্তব্য জানায়; এসবের কৃতিত্ব তো শ্যামলবাংলা২৪ডটকম’রই। বিশেষ করে বর্তমানে সারা বিশ্বে চলমান প্রানঘাতি করোনা মহামারীর এই কঠিন দুর্যোগকালেও শ্যামলবাংলা২৪ডটকম’র একদল তরুণ সংবাদকর্মী জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে আন্তরিকতার সাথে সাবলীলভাবে হালনাগাদ সংবাদ পরিবেশন করে আসছেন যা অতুলনীয়।

Shamol Bangla Ads

ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ১৯৭৪ খ্রি. ব্রুস পারেলউ’র সম্পাদনায় যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট বিশ্ববিদ্যালয়ে ‘নিউজ রিপোর্ট’ নামে প্রথম অনলাইন নিউজপোর্টাল প্রকাশিত হয়। ১৯৮৭ সালে শুরু হওয়া সরকারি মালিকানাধিন ব্রাজিলীয় সংবাদপত্র ‘জর্নালদোদিআ্য’ নব্বইয়ের দশকের দিকে অনলাইন সংস্করণের সূচনা করে। তবে যুক্তরাষ্ট্রে শতাধিক সংবাদপত্র অনলাইনে প্রকাশনা শুরু করে ১৯৯০ সালের শেষ দিকে। তবে ২০০০ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ‘সাউথ রিপোর্টার’ আধুনিক অনলাইন নিউজপোর্টাল হিসেবে পরিচিতি পায়। বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে জানা যায় যে, বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার শুরু ২০০৫ সালের দিকে। ইন্টারনেটের সহজলভ্যতা না থাকায় ২০১০ সাল পর্যন্ত এ মাধ্যমের পাঠক ছিল নিতান্তই নগণ্য। এরপর মানুষের হাতের নাগালে ইন্টারনেট চলে আসলে ক্রমেই বাড়তে থাকে অনলাইন সংবাদপত্রের পাঠক। এরই ধারাবাহিকতায় শ্যামলবাংলা২৪ডটকম ২০১৩ সালের ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাকাল থেকে এ যাবত পর্যন্ত অত্যন্ত সততা, দক্ষতা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট কবি, সাংবাদিক, আইনজ্ঞ, চৌকষ রাজনীতিক ও জননেতা জনাব রফিকুল ইসলাম আধার এবং প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি ও সাংবাদিক শাহ্ আলম বাবুল। তাঁর মৃত্যুর পর থেকে অত্যন্ত সুনামের সাথে মোহাম্মদ জুবায়ের রহমান নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন আরেক অত্যন্ত কর্মঠ উদ্যোক্তা ফরিদুজ্জামান, তরুণ সাংবাদিক জুবাইদুল ইসলাম ও মইনুল হোসেন প্লাবনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে।
‘মা-মাটি ও মানুষের কথা বলে’ স্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ্যামলবাংলা২৪ডটকম’র সাথে আমার প্রথম পরিচয় ২০১৫ সালের মাঝামাঝি সময়ে। সেদিন থেকেই শ্যামলবাংলা২৪ডটকম এর সাথে পথ চলা এবং এখনও চলছি।
আধুনিক ডিজিটাল তথা তথ্যপ্রযুক্তির এ যুগে অনলাইন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন এখন জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হয়েছে এবং এর পাঠক প্রিয়তাও শীর্ষে চলে যাচ্ছে। তথ্য প্রবাহ ও পরিবেশনে অনলাইন এখন শীর্ষে অবস্থান করছে। যে কোনো সংবাদই অনলাইন ভার্সনের ফলে হাতের মুঠোর স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে পাঠক যে কোনো মুহূর্তে ঘটে যাওয়া সংবাদ জানতে পারছে। সংবাদ পরিবেশন ছাড়াও বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকুরীর বিজ্ঞপ্তি, ব্যাংকিং লেনদেন, কেনাকাটা, সরকারি বিভিন্ন পরিপত্র প্রভৃতি এখন অনলাইন সংবাদ মাধ্যম ব্যতীত ভাবায় যায় না।
শিক্ষিত, মার্জিত, সৃজনশীল, ভাষাজ্ঞান, স্পষ্টভাষী তথা মৃদুভাষী, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মীকে নিঃসন্দেহে হতে হবে দক্ষ ও অভিজ্ঞ। বিশেষ করে শব্দচয়ন, বাক্যচয়ন, বিরাম চিহ্নের ব্যবহার, ষত্ব ও ণত্ব বিধানে পরিশুদ্ধ ধারণা, সাধু ও চলিত রীতি, বাংলা ভাষার আধুনিক প্রমিত বানান রীতিতেও থাকতে হবে পাণ্ডিত্বপূর্ণ জ্ঞান। বিভ্রান্ত ছড়ানোর মতো সংবাদ পরিবেশনে অনলাইন সংবাদ কর্মীকে অবশ্যই শতভাগ সচেতনতা অবলম্বন করতে হবে। তাই অনলাইন গণমাধ্যম কর্মীকে হতে হবে সবচাইতে চৌকষ ও মেধা সম্পন্ন একজন ব্যক্তিত্ববান সংবাদকর্মী। আমরা এও জানি যে, তথ্য পরিবেশনের ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম কর্মীকে সর্বাধিক গুরুত্বারোপ করে বস্তুনিষ্ঠার সকল প্রকার নীতিমালার ভিতরে থেকেই তাকে সংবাদ পরিবেশনে দায়িত্ব পালন করতে হয়; এজন্য তাদের অনেক বিপদসঙ্কুল পরিবেশে কাজ করতে হয়। এক্ষেত্রে তাদের অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিতে হয়; এই চ্যালেঞ্জ গ্রহণটা সাংবাদিকতা পেশার একটি ভূষণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রত্যয়কে যথাযথভাবে বাস্তবায়ন করতে দেশের শিক্ষা কাঠামোসহ সকল বিভাগকে সম্পূর্ণভাবে ডিজিটালের আওতায় আনতে হলে এবং তথ্য প্রযুক্তি তথা আইসিটিনির্ভর প্রশাসন ব্যবস্থা, ব্যবসায় বাণিজ্য, শিক্ষাব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা, কৃষি ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগকে সঠিকভাবে পরিচালিত করতে হলে তথ্যের আদান-প্রদানকে সহজতর ও জবাবদিহিতা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। আর এ ক্ষেত্রে অনলাইন নিউজপোর্টাল বা অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। জনগণের নিকট দ্রুত ও সহজ উপায়ে তথ্য পৌঁছানোর ক্ষেত্রে অনলাইন গণমাধ্যমই সর্বোত্তম উপায়। অনেক সময় সঠিক সংবাদ দ্রুত সরবরাহে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় অনলাইন গণমাধ্যম তথা অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের। গণমাধ্যম যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই সঙ্গত কারণেই এ সমস্যা নিরসনকল্পে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এগিয়ে আসতে হবে। অনলাইন গণমাধ্যমকে তথ্য প্রকাশের অবাধ স্বাধীনতা প্রদান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং প্রয়োজনে তথ্যনির্ভর সংবাদ ও সৃজনশীলতার জন্য পুরস্কারের ব্যবস্থা করলে এ সংশ্লিষ্ট কাজে সাংবাদিকগণ আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সবশেষে আবারো শ্যামলবাংলা২৪ডটকম’র পরিচালনা পর্ষদকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে সম্পাদক মহৎপ্রাণ এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ শ্যামলবাংলা২৪ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো। আর শ্যামলবাংলা২৪ডটকম এর দুর্দমনীয় অগ্রযাত্রা কুসুমাস্তীর্ণ হোক- এই প্রত্যাশা নিরন্তর। শুভ হোক শ্যামলবাংলা২৪ডটকম’র অবিচল পথচলা।

লেখক : কবি, গবেষক ও প্রাবন্ধিক।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads