শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের প্রতিশ্রুতিতে প্রেমের ফাঁদে ফেলে স্বামী পরিত্যক্তা এক যুবতীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৫) নামে ৩ সন্তানের জনককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ জুলাই বুধবার বিকেলে উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কাপাসিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক যুবতীর সাথে একই গ্রামের জাহাঙ্গীর আলম প্রায় দুই বছর যাবত প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে ফেলে শারীরিক মেলামেশা করে আসছিল। কিছুদিন আগে ওই তরুণী জাহাঙ্গীরকে বিয়ের কথা বললে জাহাঙ্গীর টালবাহানা করতে থাকে। ২০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় যুবতীকে বাড়িতে রেখে তার বাবা-মাসহ পরিবারের লোকজন ঈদের কেনাকাটা করতে শহরে যান। এসময় সুযোগ বুঝে জাহাঙ্গীর ওই যুবতীর ঘরে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে।

এদিকে জাহাঙ্গীরের অবাধ যাতায়াতে এলাকাবাসীর সন্দেহ থাকায় আগে থেকেই তারা নজর রাখছিলেন। ফলে রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী মিলে জাহাঙ্গীরকে ওই যুবতীর ঘরে আটকে রাখে। পরে এ নিয়ে গভীর রাত পর্যন্ত হট্টগোল চলে।
এদিকে বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ২১ জুলাই বুধবার দুপুরে ওই যুবতী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীকে বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।








