করোনায় আক্রান্ত হয়ে শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম (৭১) মারা গেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। ২২ জুলাই বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রহিম উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে ও নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই আব্দুর রহিমের শরীরে করোনা পজিটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ১৮ জুলাই রবিবার ছাড়পত্র প্রদান করে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। এর ৩দিন পর পুনরায় ২১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের শারীরিক অবস্থা অবনতি হলে, তাকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানেই ২২ জুলাই ভোর ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় গড়েরগাঁও গোরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গড়েরগাঁও গোরস্থানে তাকে দাফন করা হয়।




