বনানী অগ্নিকাণ্ড ট্র্যাজেডির স্পাইডারম্যানখ্যাত জসিম উদ্দিনের শেরপুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪ জুলাই বুধবার ভোররাতে সদর উপজেলার বলাইয়েচর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। এতে প্রায় ৮/১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গবাদিপশু বাঁচাতে গিয়ে আহত হয়েছেন জসিম নিজেও। একইদিন সকালে তিনি জেলা সদর হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।

জানা যায়, বুধবার ভোররাতে জসিম উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই বসতঘরের আসবাবপত্র, ছাগল, খড়ের গাদাসহ বেশকিছু মালামাল আগুনে পুড়ে যায়। আগুন নিভাতে গিয়ে আহত হন জসিমও।
ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন বলেন, আসন্ন ঈদুল আজহায় ঢাকার হাটে বিক্রির জন্য কেনা তার ৭টি ছাগল পুড়ে মারা গেছে। আগুন নিভাতে গিয়ে ও ছাগল বাঁচাতে গিয়ে আমার হাত ও গাল পুড়ে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিকভাবে ৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সঠিক পরিমাণ বলা যাবে।




