শেরপুরের শ্রীবরদীতে নিজের মাছের খামারে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলিয়াস উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ জুলাই সোমবার বিকেলে উপজেলার তাতিহাটী ইউনিয়নের ছনকান্দা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক স্থানীয় মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কৃষক ইলিয়াস উদ্দিন তার নিজস্ব মাছের প্রজেক্টে বৈদ্যুতিক পাম্পের সুইচ দিয়ে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে গুরুতর উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আমির হোসেন বলেন, ইলিয়াস উদ্দিনের শরীরে বাহ্যিকভাবে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।




