শেরপুরে একদল শিয়ালের কামড়ে অন্তত: ১৮ জন আহত হয়েছেন। ওইসময় ২৫টি গরুকেও কামড়ে দিয়েছে শিয়ালের দল। ১২ জুলাই সোমবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঝাউয়েরচর গ্রামে ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাজিম (৩) নামের এক শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় সুলতান মিয়ার ছেলে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সদর থানার এসআই সুমন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঝাউয়েরচর গ্রামের একটি জঙ্গল থেকে সাত-আটটি শিয়াল লোকালয়ে চলে আসে। ওইসময় শিয়ালগুলো গ্রামের লোকজন ও গবাদিপশুকে কামড়াতে থাকে। এতে শিশু তাজিমসহ ১৮ জন আহত হন। পরে এলাকাবাসী লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। একপর্যায়ে বাকি শিয়ালগুলো জঙ্গলে ফিরে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, শিয়ালের কামড়ে আহত গরুগুলোকে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া আহত লোকজনকে স্বাস্থ্য বিভাগ থেকে জলাতঙ্কের প্রতিষেধক নেওয়ার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে শেরপুরর সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, বর্তমানে হাসপাতালে জলাতঙ্কের টিকার সরবরাহ রয়েছে। যাদের শিয়াল কামড়েছে তারা হাসপাতালে এলে তাদের বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হবে।




