করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে শেরপুরের নকলা পৌরসভায় কর্মহীন রিকসা, অটো রিকসা ও সিএনজি চালক, পরিবহন শ্রমিক, হোটেল ও সেলুন কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী/পেশার নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেছে নকলা পৌরসভা। ৪ জুলাই রবিবার দুপুরে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ লোকের মাঝে ওই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সহায়তার মধ্যে ছিল মাথাপিছু ১০ কেজি চাল ও ৬০ টাকা করে পরিবহন খরচ।

সহায়তা বিতরণকালে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, আওয়ামীলীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। বক্তাগণ উপস্থিত সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদসহ বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। সহায়তা বিতরণকালে নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, ওয়ার্ড কাউন্সিলর, বিএডিসি’র উপসহকারি পরিচালক মো. মিজানুর রহমানসহ সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




