শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধা মেহেরী বেগম (৬০) কে দেখতে গিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। ২ জুলাই শুক্রবার রাতে শ্যামলবাংলা২৪ডটকম-এ সংবাদ প্রকাশের পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেহেরী বেগমের খোঁজ- খবর নেন ইউএনও। ওইসময় মেহেরী বেগমের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নির্দেশনায় মেহেরী বেগমের খোঁজ-খবর নিয়েছি। সেইসাথে তার চিকিৎসার জন্য কিছু সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুন সোমবার পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামে মেহেরী বেগমকে অমানসিক নির্যাতন চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে প্রতিবেশী হবি মিয়া ও তার লোকজন। ওই ঘটনায় মেহেরী বেগমের ছেলে ইয়াসিন আলী বাদী হয়ে ৩ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে ওই মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি।




