শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান মানিক (৪৮) নামে এক ফ্রিল্যান্সারের মৃত্যু হয়েছে। ২৫ জুন শুক্রবার সন্ধ্যায় শহরের পূর্বশেরী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মানিক সদর উপজেলার জঙ্গলদী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, লুৎফর রহমান মানিক স্থানীয় একটি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে বিদ্যুতের সংযোগ ঠিক করতে গিয়ে এক পর্যায়ে পরিবারের কোন এক সদস্য বিদ্যুতের সংযোগ চালু করে দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ওই ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




