ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান মোহন (৭৪) আর নেই। তিনি ২১ জুন সোমবার দিবাগত রাতে শহরের দক্ষিণ গৌরীপুরস্থ নিজ বাসভবন মমিনবাগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি তিনি স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান রতনের বড় ভাই এবং শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুর রহমান লিলুর ছোটভাই ছিলেন। এদিকে তার মৃত্যুতে শেরপুর শহরসহ গোটা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, লুৎফর রহমান মোহন সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তার বাসায় বাথরুমে যাবার পর হঠাৎ করে পড়ে যান এবং তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার নামাজে জানাযা বেলা আড়াইটায় শহরের গৌরীপুর মৈত্রবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে।
লুৎফর রহমান শেরপুর পৌরসভার দুইবারের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাবেক সভাপতি, শেরপুর রোটারি ক্লাবের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, সিএএফ শেরপুরের উপদেষ্টা, মাইসাহেবা জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে লুৎফর রহমান মোহন জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। তিনি বহু নাটকে নায়ক হিসেবে অভিনয় করেছেন। সেই সুবাদে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন এক পরিচিত মুখ।




