শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আজাদ মিয়ার বিরুদ্ধে ওঠা বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। ১৮ জুন শুক্রবার রাতে উপজেলার বারমারী বাজারস্থ নিজ কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে তথ্য সঠিক নয় বলে দাবি করেন। সেইসাথে তিনি ওই খবরের প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া দাবি করেন, প্রকাশিত খবরে তার সাথে যে নারীর সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে, ওই নারীর সাথে তার কোন প্রকার অনৈতিক সম্পৃক্ততা নেই। তার দাবি, টানা দুই মেয়াদে তিনি অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সাথে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নিষ্ঠা ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে প্রায় দুই বছর আগে উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। কিন্তু সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় তার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে ওই নারী কেলেঙ্কারীর তথ্য সরবরাহ করেছেন। পরবর্তীতে ওই ষড়যন্ত্রের বিষয় টের পেয়ে ওই নারী নিজেই তার সাথে পারিবারিকভাবে বসে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এরশাদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









