শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইয়ের মুদী দোকানের পাওনা আদায়ে হালখাতার কার্ড বিতরণ করতে গিয়ে দেনাদারের মারধরের শিকার যুবক শাহাদুল (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ২৩ মে রবিবার উপজেলার কলসপাড় সাতানিপাড়ায় মারধরের ঘটনার পর ৪ জুন শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহাদুল। নিহত শাহাদুল স্থানীয় সুরুজ্জামানের ছেলে।

জানা যায়, শাহাদুলের ভাই মুদী ব্যবসায়ী স্থানীয় রফিকুল নয়ন নামে একজনের কাছে পঁচিশ হাজার টাকা পায়। ওই পাওনা টাকা আদায়ের জন্য গত ২৩ মে রবিবার বেলা ১১টার দিকে শাহাদুলকে একটি হালখাতার কার্ড দিয়ে নয়নের কাছে পাঠায়। হালখাতার কার্ড দিতে গেলে নয়ন এ নিয়ে শাহাদুলের সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে নয়ন তার লোকজন নিয়ে শাহাদুলকে বেধরক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহাদুলকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং এরপর ঢাকা মেডিকেল কলেজে অপারেশন শেষে বাড়ি নিয়ে আসে। ২৯ মে বাড়ি আনার পর শাহাদুলের শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে পুনরায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহাদুল মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মারধরের ঘটনায় শাহাদুলের চাচা চাঁন মিয়া মাস্টার বাদী হয়ে নয়নসহ ১৪ জনকে অভিযুক্ত করে ২৩ মে অভিযোগ দায়ের করলে ২৪ মে মামলা নেওয়া হয়। এর মধ্যে ১০ আসামি জামিনে রয়েছে। ওই মামলাটিতে ৩০২ ধারা সংযোজিত করে এখন হত্যা মামলা হিসেবে পরিচালিত হবে।









