শ্রীবরদী উপজেলার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে বালিজুরি এলাকার ওহেদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রাস্তা দিয়ে চলাচলের দাবি জানিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হক ওই অভিযোগ করেছেন। নূরল হক জানান, গতকাল ২৪ মে সোমবার ওই গ্রামের ওহেদ আলী নামে এক ব্যক্তি কিছু গাছের চারা রোপন করে রাস্তাটি বন্ধের পায়তারা করছে। ওই রাস্তা দিয়ে বালিজুরি উচ্চ বিদ্যালয়, বালিজুরি প্রাথমিক বিদ্যালয়, বালিজুরি ঈদগাহ মাঠসহ প্রায় ২/৩ হাজার মানুষের চলাচল। ওই রাস্তা দিয়ে মানুষ দীর্ঘদিন যাবত যাতায়াত করে আসছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ওহেদ আলী জানান, ওই জায়গাটি আমার ক্রয়কৃত। দীর্ঘদিন যাবত পতিত পড়ে থাকার কারণে এলাকার লোকজন ওই জায়গাটি সড়ক হিসেবে ব্যবহার করে আসছে। ওই সড়ক দিয়ে অবৈধভাবে বালু বোঝাই গাড়ি যাতে চলাচল না করতে পাড়ে তাই আমি গাছের চারা রোপন করেছি।
এদিকে, এলাকাবাসীর দাবি জায়গাটি মূলত সরকারি খাস ভূমি। নূরল হকসহ এলাকাবাসী ওই বিষয়ে সুরাহার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




