শেরপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আফরিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ মে শনিবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শিশু আফরিন সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে।

পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আফরিন ঈদ উপলক্ষে শুক্রবার তার মা হোসনে আরা বেগমের সাথে মির্জাপুর গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়। পরে সেখান থেকে একই গ্রামে অবস্থিত তার মায়ের (হোসনে আরা বেগম ) এর নানা আবুল কালামের বাড়িতে বেড়াতে যায় আফরিন, তার ছোট বোন ও মা হোসনে আরা বেগম। ওই বাড়ির অদূরে রাস্তার পাশে খাদে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে মারা যায় আফরিন।
এ ব্যাপারে শিশু আফরিনের বাবা আব্দুল্লাহ জানান, আমার স্ত্রীর সাথে আমার দুই মেয়ে বেড়াতে গেলেও আমার বড় মেয়ে লাশ হয়ে ফিরলো আমার বাড়ি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে শিশু আফরিনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমরা আইনমতোই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।




