‘নার্সেস : এগিয়ে যাবার প্রত্যয়ে ভবিষ্যত স্বাস্থ্য খাতে একটি দর্শন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২১ উপলক্ষে স্ট্যান্ডিং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে বুধবার সকালে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্সদের আয়োজনে হাসপাতাল ভবনের সামনে ওই স্ট্যান্ডিং র্যালি অনুষ্ঠিত হয়।

পরে হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ। ওইসময় তিনি বলেন, নার্সিং পেশা সারা বিশ্বেই একটি সম্মানজনক পেশা। এ পেশায় জড়িতরা নিজেকে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেন। এই করোনা পরিস্থিতিতেও চিকিৎসকদের মতোই নার্সরাও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন, কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সোহেল আহমেদ, গাইনি কনসালটেন্ট ডা. মুনমুন রায়, সেবা তত্বাবধায়ক শামছুন্নাহার প্রমুখ। ওইসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সগণ উপস্থিত ছিলেন।




