শেরপুরের ঝিনাইগাতীতে একটি ঘর ভিক্ষা চাওয়া সেই দিনমজুর মো. হেলাল মিয়ার ছনের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। ওইসময় হেলাল মিয়ার বসতভিটার পরিদর্শনের পাশাপাশি তার পরিবারের খোঁজ-খবর নেন তিনি। পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে ‘ছনের ঘরে থাকা হেলালের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সেটি অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেনের নজরে আসে। এরপর প্রকল্প পরিচালকের নির্দেশে ১১ মে মঙ্গলবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে গিয়ে হেলালের বসতভিটা পরিদর্শন ও তার পরিবারের খোঁজ-খবর নেন ইউএনও রুবেল মাহমুদ।
এ ব্যাপারে ইউএনও রুবেল মাহমুদ বলেন, মুজিববর্ষে কোনো পরিবার গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ দিক-নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হেলালকে নিয়ে প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেন স্যারের নজরে আসার পর সরেজমিনে পরিদর্শন করে আমাকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে পরবর্তী নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




