শেরপুরের ঝিনাইগাতীতে এক প্রবাসী বাংলাদেশির সহায়তায় ঈদসামগ্রী পেল আড়াইশ অসহায় হতদরিদ্র পরিবার। ১১ মে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ওই ঈদসমাগ্রী পৌঁছে দেন। ওইসময় সংগঠনের প্রশাসনিক এডমিন মোশারফ হোসাইন, সদস্য এরশাদ, আল আমিন, মাঈন, আকাশ, লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে দেওয়া খাদ্যসামগ্রী হাতে পেয়ে বৃদ্ধা গোল বাসুরী বলেন, ‘আমার দুইডা পোলা (ছেলে) টঙ্গী থাহে। ওরাই আমার খোঁজ-খবর নেয়। কিন্তু কিহের এক মরার ভাইরাস আহার পর থাইক্যা আমারে টেহা-পয়সা দেয় না। আমি মিসে কথা কমু না, অ্যাইন্নেরা কয়ডা চাল দিছিলেন আর মানুষের বাড়ি থেইক্যা চাইয়ে চাইয়ে খাইয়ে রোজাগুইল্ল্যা থাকলাম। এহন আবার অ্যাইন্নেরা চাল, সেমাই, চিনি, দুধ, সাবান দিলেন। আমি স্বপ্নেই ভাবিনি ঈদের দিন সেমাই খাব।’
‘ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন, আমেরিকার নিউজার্সিতে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার আড়াইশ দরিদ্র পরিবারের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ ও সাবান।




