শেরপুরে নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ ও আইনী সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বৃহস্পতিবার সকালে শহরের চকবাজার শহীদ মিনার চত্ত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ।
শেরপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নীরু শামসুর নাহারের সভাপতিত্বে, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, আইইডির আইপি ফেলো আদিবাসী নেতা সুমন্ত বর্মণ, নারী রক্তদান সংস্থার সভাপতি প্রতিভা নন্দী তিথি প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, শেরপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, শেরপুর জেলা হিজরা কল্যাণ সংস্থা, শেরপুর জেলা বর্মণ ছাত্র পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম (এইচআরডি) অংশগ্রহণ করে।









