বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের জন্মদিন আজ। ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই সুর সম্রাজ্ঞী।

জানা গেছে, গত বছরের মতো এ বছরও করোনায় বাংলাদেশ বিপর্যস্ত। তাই গত বছরের মতো এবারের জন্মদিন নিয়ে তার কোন উচ্ছ্বাস নেই। ফলে দিনটিতে সাধারণ মানুষের পাশেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। তাদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানান মমতাজ। মমতাজ জানান, তিনি মানিকগঞ্জে নিজ নির্বাচনী এলাকার সাধারণ অসহায় মানুষদের হাতে সরকারী ত্রাণ তহবিল থেকে ও নিজের তহবিল থেকেও ত্রাণ তুলে দিবেন।
মমতাজ আরও বলেন, ‘জন্মদিন নিয়ে কোন উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। এটা সত্যি ফেসবুক’সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই মুঠোফোনেও ফোন করে শুভেচ্ছা জানান, সবার ভালোলাগা ভালোবাসা থেকেই তা করা। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবেই আমি বিবেচনা করি। কারণ, আমি জানি আমি কি ছিলাম, আল্লাহর অশেষ রহমতে আমি আজ কোথায় এসেছি। আমি যেভাবেই থাকিনা কেন, যেখানেই থাকিনা কেন আমার শেকড় যেমন আমি ভুলিনা, আমার অতীত যেমন ভুলিনা, ঠিক তেমনি আমার আজকের হয়ে উঠার নেপথ্যে যারা ছিলেন তাদেরকেও ভুলিনি। আমার এলাকার সাধারণ মানুষদেরকেও আমি ভুলিনি। তাই করোনার এই ক্রান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া টাকা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করবো আজ। আমি আমার নিজের কথা ভাবিনা, ভাবি আমার আজকে হয়ে উঠার পেছনে সাধারণ মানুষের কথা। তারা ভালো থাকলে, আমি ভালো থাকবো ইনশাআল্লাহ। তাদের দোয়া আমার জন্য বিরাট প্রাপ্তি হিসেবেই গণ্য করি।’।

উল্লেখ্য, মমতাজ তার ৪ দশকের ক্যারিয়ারে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন।
মমতাজ বেগম সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়।
২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হোন মমতাজ বেগম। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন তিনি।

























