শেরপুরের নকলা উপজেলায় ডোবার পানিতে পড়ে উম্মে হাবিবা হিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য ডাকাতিয়াকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। হিয়া স্থানীয় অটোরিকশাচালক হেলাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, শুক্রবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় উম্মে হাবিবা হিয়া। পরে অনেকক্ষণ হিয়াকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় হিয়াকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিয়াকে মৃত ঘোষণা করেন।
নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









