গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে পল্লী এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলায় ২ জন গ্রাহকের হাতে দু’টি পল্লী এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়েছে। যাদের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয় তারা হলেন উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের আমিনুল ইসলাম ও ভূরদী গ্রামের সাতানী পাড়ার আনার মিয়া।
এ উপলক্ষে ৫ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই ২ জন প্রশিক্ষিত গ্রাহকের হাতে পল্লী এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। ওইসময় পল্লী সঞ্চয় ব্যাংকের নকলা উপজেলা শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম, সুপারভাইজার সৈকত সরকার, ক্যাশিয়ার মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম জানান, এরই মধ্যে উপজেলার ৫ জন গ্রাহককে প্রশিক্ষিত দেওয়া হয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে বাকিদের মাঝে পল্লী এ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। বিশেষ ধরনের ওই এ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সকল সুযোগ-সুবিধা রয়েছে। এটি রিচার্জেবল ব্যাটারি দ্বারা চালিত। এটিতে চালকের আসন ছাড়াও ১০টি আসন রয়েছে। রোগীদের জন্য পৃথক আসনে ব্যবস্থাসহ রয়েছে অক্সিজেন সিলিন্ডারসহ সাইরেন সিস্টেম, রোগী উঠানোর জন্য স্ট্রেচার, ফাস্ট এইড বক্স ও টুল বক্স। এতে যাত্রী পরিবহন করারও সু ব্যবস্থা রয়েছে। ওই এ্যাম্বুলেন্স তৈরীতে অনেক বেশি খরচ হলেও পাইলট প্রকল্প হিসেবে গ্রাহকদের কাছে এটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া এ্যাম্বুলেন্সের ভ্যাট ও গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয় পল্লী ব্যাংক হতে বহন করা হচ্ছে। চাহিদা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে কয়েকটি করে পল্লী এ্যাম্বুলেন্স পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে তিনি জানান।









