হঠাৎ করেই চলে গেলেন নীতির প্রশ্নে আপোসহীন সাংবাদিকতার মুখপত্র দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রকাশক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা এ শিল্পগোষ্ঠীর কর্ণধার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ। পত্রিকাটির সাংবাদিক-কর্মচারীদের টানা কয়েকদিনের আন্দোলন-সংগ্রাম আর ছাটাইয়ের তিক্ত অভিজ্ঞতার রেশ না কাটতেই ২২ মার্চ ভোরে রাজধানী ঢাকার ক্যান্টনমেন্টের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত এবং সাথে সাথে পাশের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরই তার বিয়োগাত্মক ঘটনা সত্যিই মর্মান্তিক ও অসহনীয়। এ যেন স্বাধীন সাংবাদিকতার এক অনন্য সাহসী বাতিঘরের প্রস্থান। দেশের গণমাধ্যম জগৎ থেকে এক অন্যতম প্রধান নক্ষত্রের খসে পড়া। দেশের সংবাদপত্র জগতে জনকণ্ঠ যেমন একটি নাম একটি প্রতিষ্ঠান, তেমনি জনকণ্ঠের শুরু থেকে সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি বনে গেছেন এর স্বপ্নসারথি।
আমার নিজের সাংবাদিকতার প্রায় ৩৪ বছর অতিবাহিত হলেও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক জনকণ্ঠে কাজ করছি প্রায় ১০ বছর যাবত। অনিবার্য প্রয়োজন ছাড়া ব্যক্তিগত জীবনে রাজধানী ঢাকায় যাতায়াত খুব একটা নেই বলে জনকণ্ঠ অফিসে ওই ১০ বছর সময়কালে যাতায়াতও ১০/১২ বারের বেশি হয়নি। যে কারণে জনকণ্ঠের শেষ ব্যক্তি আতিকউল্লাহ খান মাসুদের সাথে দেখাসাক্ষাৎ মিলেছে যেমন দু’চারবার, তেমনি অফিসের প্রয়োজনে তার তরফ থেকে এবং বিশেষ রিপোর্টিং নিয়ে বিশেষ সময়ে নানা জটিল পরিস্থিতিতে তার সাথে মোবাইলে কথোপকথনও হয়েছে দু’চারদিনই। আর সে হিসেবে তাকে নিয়ে আমার স্মৃতিচারণ করার মতো তেমন একটা কিছু নেইও। তবে জনকণ্ঠের পথ চলা থেকে শুরু করে মাঝপথে আমার কাজে যোগদান এবং সেই থেকে মৃত্যু অবধি তার সম্পর্কে যতটুকু জেনেছি, তিনি সত্যিই ছিলেন মহীরূপী এক স্বাধীনচেতা মানুষ। স্বভাবে ছিলেন অতি রাশভারী। কর্মে ছিলেন সাংঘাতিক পরিশ্রমী। আর নীতির প্রশ্নে আপোসহীন ছিলেন বলেই পত্রিকাটির আদর্শিক শ্লোগানই ছিল ‘নীতির প্রশ্নে আপোসহীন’। তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের এক সাহসী বীর মুক্তিযোদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের আহবানে সাড়া দিয়ে অস্ত্র হাতে সম্মুখ সমরে লড়াই করে ছিনিয়ে এনেছেন এদেশের স্বাধীনতা। তার মতো অসংখ্য মুক্তিপাগলের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। জন্ম নিয়েছে পৃথিবীর ভুখণ্ডে লাল-সবুজের রঙে খচিত পতাকার একটি নতুন দেশ, যার নাম বাংলাদেশ। স্বাধীনতার অর্জনে এ সংগ্রামে জীবনপণকারীদের অন্যতম হলেন আতিকউল্লাহ খান মাসুদ।

দেশের সংবাদপত্র জগতে আলোড়ন সৃষ্টি করে ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি তার চিন্তাধারায় প্রসূত হয় দৈনিক জনকণ্ঠ। সেই থেকে বৈরী পরিবেশে দৈনিক জনকণ্ঠ চার রঙের রঙিন চেহারায় দেশের ৫ বিভাগীয় শহর থেকে একযোগে প্রকাশিত হতে থাকলে সংবাদপত্রের জগতে সৃষ্টি হয় নতুন ইতিহাস। দেশের মিডিয়া জগতে এটি ছিল একটি মাইলফলক। ব্যতিক্রমধর্মী প্রকাশনা, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বলিয়ান করতে ও এগিয়ে নেওয়ার প্রয়াসের ফলে জনকণ্ঠ দেশের পাঠক মহলকে ভিন্নভাবে জাগিয়ে তুলতে সক্ষম হয়। প্রকাশনা ক্রমাগতভাবে বেড়ে গিয়ে এক পর্যায়ে শীর্ষস্থান দখল করে নেয়। বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধের বিচারে জনমত গঠনের ক্ষেত্রেও দৈনিক জনকণ্ঠ ছিল অগ্রণী ভূমিকায়। এই পত্রিকায় প্রকাশিত ‘সেই রাজাকার’ শিরোনামের ধারাবাহিক প্রতিবেদন সারাদেশে ঢেউ তুলেছিল। প্রতিদিনই কোন না কোন রাজাকারকে নিয়ে প্রকাশিত হতে থাকে রিপোর্ট। পাঠকরা অধীর আগ্রহে থাকতেন পরদিন কোন স্বাধীনতাবিরোধীকে নিয়ে প্রতিবেদন আসছে জনকণ্ঠে।
আতিকুল্লাহ খান মাসুদের ছিল না ক্ষমতা ও অর্থের লোভ। তিনি নিজেকে তৈরি করেছেন নিজেই; তার প্রজ্ঞা, মেধা ও চিন্তা-ভাবনা দিয়ে। বলা যায় শূন্য থেকে পূর্ণ, সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই দিয়ে গেছেন। একেবারে ছোটখাট ব্যবসা দিয়ে শুরু করে দীর্ঘ সময়ের সংগ্রামী জীবন দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন গ্লোব জনকণ্ঠ পরিবার। হার না মানা শক্তিতে এবং আপোসহীন মনোভাবে দেশে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সকল অপশক্তির বিরুদ্ধে নিরলস লড়াই করে আলোচনার পাদপ্রদীপে পৌঁছে যান।
আতিকউল্লাহ খান মাসুদ অনেকটা প্রচারবিমুখ একরোখা স্বভাবের হলেও চলনেবলনে ছিলেন দারুণ স্মার্ট। পত্রিকা জগতে তার সৃষ্টিশীলতা এখনও অনেকের মাঝে আকর্ষণীয় হয়ে আছে। দেশের স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী নীতিতে তার কোন ব্যত্যয় ঘটেনি। যে কারণে জনকণ্ঠে প্রকাশিত সত্য কিছু ঘটনার জেরে তাকে জেলও খাটতে হয়েছে। এরপরও তিনি কারও কাছে মাথা নত করেননি। এটাই ছিল মানুষ হিসেবে তার সত্যনিষ্ঠার পক্ষে একটি অসাধারণ উদাহরণ। জীবদ্দশায় তার সকল কর্মকাণ্ড গোটা বাঙালি জাতিকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি-আদর্শ বাস্তবায়নের সঙ্গে জড়িতদের জন্য তিনি ছিলেন অন্যতম প্রধান এক শক্তি। যে কারণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সংবাদপত্র সম্পাদকদের এক সভায় বলেই দিয়েছিলেন যে, ‘দুর্দিনে জনকণ্ঠ ছাড়া আর কেউ ছিল না।’ এটা ছিল তার জন্য এক মহাপ্রাপ্তি।
সুতরাং সংক্ষিপ্ত আলোচনায় জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ সম্পর্কে বলা যায় যে, তার মৃত্যুতে তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সত্যিকার অর্থে অনুসারী ও সাহসী বীর। আর তাই তার মৃত্যুতে জাতি স্বাধীনতার স্বপক্ষের শক্তির এক বাতিঘরকে হারালো। দেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার একজন মহান মুক্তিযোদ্ধাকে হারালো। তিনি তার কর্মগুণে অনন্তকাল বেঁচে থাকবেন এ প্রজন্মের সংগঠক ও উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে।
লেখক : সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক দশকাহনীয়া ও শেরপুর প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ।









