শেরপুরে আদালত অঙ্গনে ভারতীয় মদসহ এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তি আটক হয়েছে। ২৮ মার্চ রবিবার সকালে আদালত অঙ্গনে ওই ঘটনা ঘটে। আটককৃত এনামুল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের আলহাজ্ব তোতা মিয়ার ছেলে। সোমবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের নিয়মিত মামলায় এনামুলকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর আল মামুন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পরিদর্শক খন্দকার শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার সকাল ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনে প্রবেশের সময় নিচতলায় প্রবেশ পথে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের লোকজন এনামুলের কথাবার্তায় সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে। ওইসময় তার কোমড় থেকে একটি ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটকের পর অভিযোগসহ শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। ঘটনাটি নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক তুলপাড় সৃষ্টি হয়।




