ঝিনাইগাতীতে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেছেন, শ্রমিকের ঘামেই আমাদের অর্থনীতির ভিত রচিত হয়। সেই ঘামেই একসময় অর্থনীতির ভিত মজবুত হয়। কিন্তু শ্রমিকরা প্রায় সবসময়ই অবহেলিতই রয়ে যান। তাদের ন্যায়সঙ্গত মজুরি না দিয়ে মালিকরা তাদের অবহেলার চোখেই দেখে যান। এটি অন্যায় ও অসাংবিধানিক। এজন্য তিনি সকল সেক্টরে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি ১৯ মার্চ শুক্রবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী সদরে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই আহবান জানান। সেইসাথে তিনি ঝিনাইগাতী সদরে পিডিবির দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় স্থানীয়ভাবে জাসদ নানা শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে তাদের দুর্নীতি বন্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ঝিনাইগাতী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্মাণ শ্রমিক জোটের সভাপতি নাইমুল আহসান জুয়েল, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন ও জাতীয় শ্রমিক জোটের দপ্তর সম্পাদক রাজিব আহম্মেদ। ঝিনাইগাতী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি একেএম ছামেদুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




