শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।









