শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের মসজিদ রোডের অবকাঠামো উন্নয়ন উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ যৌথভাবে ওই কাজের উদ্বোধন করেন। ওইসময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, উপজেলা সদর বাজারের মসজিদ রোডে মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতে জমে যায় হাঁটু পানি। এতে সৃষ্ট জলাবদ্ধতায় কাঁচা বাজার হয়ে যায় ভাসমান বাজার। পরবর্তী ঘন্টা খানেকের মধ্যে পানি নেমে গেলেও পুরো বাজার হয়ে যেত কর্দমাক্ত। এভাবেই দীর্ঘদিন ধরে ভোগান্তিতে কাঁচা বাজার, মসজিদ রোড, কাঁচারি ও ধান হাটি এলাকার মানুষ। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ৩০ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে এ রাস্তার উন্নয়ন কাজ করা হচ্ছে। দীর্ঘ দিনে এ সমস্যা সমাধান হলো বলে জানান তিনি।







