শুভ হোক জন্মদিন।
গত শতকের আটের দশকের শুরুর দিকেই ঝাঁকের কইয়ের মতো আমি আমরা দলে দলে ঢুকে পড়ি নবরূপী ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠির ভেতর। এর আগে গৌতম পালের নেতৃত্বে তারামণিতে কিছুদিন থাকলেও নয়াজলে নয়া মাছের মতো খলবল খলবল করে ওঠি নবরূপীতেই।
প্রান্তিক মফস্বল শহর নালিতাবাড়িতে নবরূপী একটি আদর্শভিত্তিক সংগঠন। শরীরচর্চা নাটক আবৃত্তি খেলা এমন কী সপ্তান্তে “স্পিকিং ইংলিশ” কোর্সসহ নানা তৎপরতার ভেতর দিয়ে বেড়া ওঠা একই পরিবারের মতো একটি সংগঠন।
এখানেই হাকাম হীরা ও তাঁর পার্ষদের কেন্দ্রে রেখে আমাদের শিশুকালের যাত্রা শুরু। একটা উচ্ছল চাতাল এই নবরূপী। এই সংগঠকদের আমাদের পরিবারগুলো ভালোভাবেই চিনত জানত বলে অল্প বয়সে সংগঠন করি বলে পরিবার থেকে কোন বাধা আমি পাইনি।সেই আমার সংগঠন ও সাংস্কৃতিকচর্চা শুরু। থামেনি বরং বেড়েছে। সাংগঠনিক চর্চা অপরের সাথে মেলামেশি জানাজানির চাতাল। একটি সৃষ্টিশীল চাতাল।
তারপর রহুদিন গড়িয়ে গেছে আমি আমরাও মধ্যবয়সে। পেছন দিকে তাকালে মনে পড়ে হাকাম হীরা ও তাঁর পার্ষদের নানা কথা ও তৎপরতা। ন্যায় মান্যতা ভিত্তিক সংগঠন চর্চা একটি ইতিবাচক গণতান্ত্রিক সমাজ কাঠামো নির্মাণের অনিবার্য পূর্বশর্ত। মতের ভিন্নতা যে মনের ভিন্নতা নয়– এটির চর্চা সংগঠন দিতে পারে। যার নীটফল বাস্তবিক সমাজে চলতে ফিরতে কাজে লাগে। নবরূপী থেকে এটি আমি পেয়েছি।
হাকাম হীরাদের প্রজন্মই মনে হয় শেষ প্রজন্ম নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে আঁধার ঘরের বাতি জ্বালাবার সলতে পাকানোর কাজটি করে গেছে ভালোবাসে। অন্তর্গত তাগিদে। সৃষ্টিলীলতার উল্লাসে।

পরবর্তীতে বিভিন্ন জায়গায় থাকা ও চাকরির সূত্রে দেখেছি প্রায় প্রত্যেক স্থানিকে আটের দশকে এমন কিছু পাগলা পোলাপান ছিল; এমন সৃষ্টিশীল নেশায় মেতে ওঠার। পরবর্তীতে নানা সংগঠন গড়ে উঠেছে বটে–রাজনৈতিক দলের লেজধরে নানা কিসিমের ধান্দাবাজির গোলক ধাঁধায়।
হাকাম হীরার কাছেই শিখলাম শব্দের উচ্চারণ। ছিপছিপে কুঁকড়ানো চলের ফর্সা হীরা তখন আমাদের নায়ক। গুছিয়ে কথা বলেন। নাটকে পরিচালনাও করেন। জড়িয়ে গেলাম নাটকে। ” সাত পুরুষের ঋণ” নাটকে ভিড়ে গেলাম। বিহার্সাল। আর ভয়। পারবো তো?হীরা ভাইয়ের সাহসেই গলা শুকিয়ে কাঠ আর পা কাপিয়েই জীবনে প্রথম মঞ্চে অভিনয়ন করে ফেললাম।
পরবর্তীতে অনেক বার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চাতাল আর নানা মঞ্চে অভিনয় করেছি বটে কিন্তু সেদিনের ভয়ের কথা ভুলি নি, ভুলিনি হাকাম হীরার নির্দেশনা।
হীরা’র সাংগঠনিক তৎপরতা স্বাধীনতার পরপরই শুরু। আমবাগানের শাপলা শালুক ব্যানারে। সেই সময়ে শাপলা শালুকের পরিচালক ছিলেন অসীম কুমার দত্ত হাবুল। আমবাগান গত শতকের বিশ দশক থেকেই নানা রাজনৈতিক সাংস্কৃতিক ক্রীড়া ও সামিজিক কার্যক্রমের সুতিকাগার হিসেবে কাজ করে আসছে।
আমবাগান নালিতাড়ির সাংস্কৃতিক চর্চার রাজধানী ছিল বলে প্রদীপ দেবনাথ একবার নানা কথা প্রসঙ্গে আমাকে জানিয়ে ছিলেন। প্রদীপ দেবনাথ নিজেও স্বাধীনতার পরপর কাকলী সাংস্কৃতিক গোষ্ঠি এবং সাত বন্ধুর সংগঠন লাকী 7 গড়ে তুলেছেন। এ ছাড়াও ছিল দেয়াল পত্রিকা টং টাং কলতান ও মুকুল ফৌজ।
সেই সময়ে আমবাগানের নানা তৎপরতা নিয়ে নিশ্চয় কেউ লিখবে। লেখা উচিতও বটে। তাহলে এই প্রজন্ম আমবাগানের সৃষ্টিশীল তৎপরতা সম্পর্কে জানতে পারবে। যারা সেই সময়ে এই সংগঠনগুলোতে ছিলেন পরবর্তী সময়ে তারাই আজ নালিতাড়িতে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
এই শাপলা শালুকের প্রযত্নে স্বাধীনতার পর ১৯৭৬ সালে প্রথম সাহিত্য পত্রিকা শহীদ স্মারক “রক্ত পলাশ” প্রকাশিত হয় মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে। সেখানে হাকাম হীরা ছাড়াও যুক্ত ছিলেন ফরিদা নাহার তপন চক্রবর্তী সহ প্রমুখ।
হাকাম হীরা পরবর্তীতে সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। তাই বলে সাংগঠনিকতা ছাড়েননি। নিজে সংগঠক বলেই শেরপুর জেলার পাঁচ থানার মুক্তিযুদ্ধের সময় পাঁচ থানার রাজনৈতিক দলগুলো নানা সাংগঠনিক কার্যক্রম নিয়ে লিখেছেন ” সংগ্রামী শেরপুরঃ কিছু কথা” শিরোনামে। স্খানিক ইতিহাস নির্মানের কাঁচামাল হীরা এখানে মজুত করে রেখেছেন। ভাবী কালে যে বা যারা ইতিহাস নিয়ে কাজ করবেন সে বা তারা স্থানিকের তথ্য-উপাত্ত পেতে বেগ পেতে হবে না।
পরিবর্তিত সময়ের তাপে ভাপে সেই ধরনের সাংগঠনিক চর্চা আর টিকেনি। স্থানিকতা নানাভাবে কলুষিত হয়ে পড়ল। তারপর যুক্ত হলো নেট কাভারেজের জগত। একচুয়াল থেকে ভার্চুয়ালেই আমাদের স্বাচ্ছন্দ।সব জায়গায় ধ্বসে পড়ল সংগঠন চর্চা। এলো অন লাইন এক্টিভিজমের যুগ। নতুন সময়ের সাথে নতুন ধরনের সংগঠনের জন্ম হচ্ছে না। নতুন হীরারাও তৈরি হ্চ্ছে না।
সংগঠন চর্চা ছাড়া স্থানিকের তরুণকে সৃষ্টিশীল করে তোলা যাবে না। স্থানিক সংগঠনই আতুঁরঘর। হয়তো কানেকটিভিটির এই যুগে আগের মতো সংগঠন গড়া যাবে না। ফর্ম পাল্টে যাবে। নতুন সময়ের মর্ম নিয়ে কাজ করবে নতুন কোন হীরা ও তাঁর পার্ষদ সেই প্রত্যাশা আমি রাখি।
লেখক : কবি।









