বিএনপি জনকল্যাণমুখী দল হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ১৩ মার্চ শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের ফোরলেন রাস্তার উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়নে ও জনকল্যাণে যত কাজ করা দরকার তার সবই করছেন এখানকার মেয়র। যেভাবে উন্নয়ন হচ্ছে- আগামীতে রাজশাহী দেশের অনন্য নগরীতে পরিণত হবে। এসময় মন্ত্রী দেশের সব পৌরসভার মাস্টারপ্লান তৈরি করে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনার কথাও জানান।
এর আগে শনিবার দুপুরে কাদিরগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এসময় পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এ সময় শহীদ এএইচএম কামারুজ্জামানের পুত্র ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

দুপুরে নগরীর বারো রাস্তার মোড়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত আলিফ লাম মীম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত ৬ দশমকি ৭৯৩ কিলোমিটার ফোরলেন সংযোগ সড়কের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
সড়ক উদ্বোধনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাসিকের আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রম, ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ, সড়কের দুই পাশে ২ দশমিক ২০ মিটার চওড়া ফুটপাত এবং আইল্যান্ড নির্মাণ কাজ, ১৬তলা সিটি সেন্টার নির্মাণ, সোনাদিঘি সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন কাজ, মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী।
এছাড়া ১২৬ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে উপশহর থেকে নগর ভবন, মালোপাড়া মোড় হয়ে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নগর ভবন থেকে মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে রাণীবাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী।




















