শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান শিক্ষানুরাগী, সমাজসেবক, বিশিষ্ট আইনজীবী ফিরোজ উদ্দিন আহম্মেদ (৮৬) আর নেই। তিনি ৬ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তিনি বিশিষ্ট সমাজসেবক মরহুম শরাফত উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা নামাজ বিকেল সাড়ে ৫টায় নকলা উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৭ মার্চ রবিবার সকাল ১০ টায় ময়মনসিংহ বারে দ্বিতীয় জানাযা এবং বাদ জোহর ময়মনসিংহ জিলা স্কুল মাঠে তৃতীয় জানাযা শেষে ময়মনসিংহ শহরের গোলকিবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, ফিরোজ উদ্দিন আহম্মেদ আমৃত্যু নকলা উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। তিনি জীবদ্দশায় বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিম খানা, স্কুল ও বাজারসহ বিভিন্ন কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত থেকে তিনি সকলের অনুকরণীয় লোক ছিলেন।
বিশিষ্ট আইনজীবী ফিরোজ উদ্দিন আহম্মেদের মৃত্যুতে কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।




