স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ দিনের নবজাতকসহ একই পরিবারের ৬ জন রয়েছেন। বাকি একজন অটোরিকশাটির চালক। ৩ জানুয়ারি রবিবার দুপুর ১টার দিকে মহাসড়কের তারাকান্দা গাছতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলার আগিয়া এলাকার মাওলানা ফারুক আহম্মেদ (৪০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৫), বোন জুলেখা খাতুন (৫০), ভাই নিজাম উদ্দিন (৩৫), ভাবি জোৎস্না বেগম (৪৫) ও ফারুক-মাসুমা দম্পতির তিনদিনের নবজাতক। এছাড়া অটোরিকশা চালক রাকিবুল হাসান (২৯) নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ সদরে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গাছতলা এলাকায় শাহজালাল পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের ৬জনসহ ৭জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে একটি অটোরিকশা গৌরিপুরে যাচ্ছিল। পথে গাছতলা এলাকায় একটি ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করে অটোরিকশাটি। তখনই ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে অনেক দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়। এতে নবজাতকসহ অটোরিকশার সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সারোয়ার আলম বলেন, বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে।




















