কক্সবাজার : মহেশখালীর মাতারবাড়ী জেটিতে এসে নোঙর করেছে প্রথম মালবাহী জাহাজ। সঙ্গে নিয়ে এসেছে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ সরঞ্জামও। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মাতারবাড়ী জেটিতে সরাসরি এসে নোঙর করেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’।
মাতারবাড়ীতে দেশের প্রথম এ গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ আগামী ২০২৫ সালে সম্পন্ন হয়ে পূর্ণতা পাওয়ার কথা থাকলেও এর চার বছর আগেই জাহাজটি নোঙর করলো। সঙ্গে জাহাজটি নিয়ে এসেছে ইন্দোনেশিয়া থেকে আনা স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে আসা মেশিনারিজ পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ সরঞ্জাম।

জাহাজটি নোঙর করা শেষে সাংবাদিকদের সহকারী ক্যাপ্টেন আতাউল হক ছিদ্দিকী জানান, বিশ্বের সঙ্গে মাতারবাড়ীর সংযোগ হওয়ায় আমরা এটাকে মাইলফলক হিসেবে নিয়েছি। ক্রমান্বয়ে কয়লা বিদ্যুৎকেন্দ্রের সব জাহাজ মালামাল নিয়ে সরাসরি মাতারবাড়ী আসবে। এছাড়াও বন্দর চূড়ান্ত হলে বড় আকারে বাণিজ্যিক জাহাজও নোঙর করবে। ফলে সময় ও অর্থ সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, মাতারবাড়ী এলাকায় বঙ্গোপসাগরে ২৫০ মিটার চওড়া ও ১৮ মিটার গভীর করে খনন করা হয়েছে এই চ্যানেল। অর্থাৎ এই চ্যানেল দিয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ে দ্বিগুণ গভীরতার জাহাজ প্রবেশ করতে পারবে। দেশের প্রধান সমুদ্রবন্দর দিয়ে বর্তমানে সর্বোচ্চ সাড়ে ৯ মিটার গভীর ও ১৯০ মিটার দীর্ঘ জাহাজ প্রবেশ করতে পারে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাজের ভারী পণ্য উঠানামার জন্য নির্মিত হয়েছে দুটি ১৮০ মিটার দীর্ঘ অস্থায়ী জেটি। সেই জেটি দুটির মধ্যে একটিতে ভিড়েছে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’। এর মাধ্যমে ব্যবহার শুরু হয়েছে ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি।
মাতারবড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এরইমধ্যে দুটি জেটি নির্মিত হয়েছে। এর অন্য পাশেই গড়ে উঠবে দেশের প্রথম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। প্রথম জাহাজটি নিরাপদে জেটিতে নোঙর করায় সফলতার একধাপ এগিয়ে গেছে।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে প্রথম জাহাজের বিষয়ে জানতে চাইলে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সমুদ্রবন্দরের নির্মাণকাজ ২০২৫ সালে সম্পন্ন করার কথা থাকলেও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ মেশিনারিজ আমদানির জন্য ইতোমধ্যে সাগরে ক্যাপিটাল ড্রেজিং করে চ্যানেল নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে দুটি জেটি। কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য আমদানি করা মেশিনারিজ নিয়ে জাহাজ ভিড়েছে। কোনো প্রকল্পের নির্ধারিত সময়সীমার আগেই এটির ব্যবহার শুরু করতে পারা নিঃসন্দেহে এটিকে অগ্রগতি বলা যাবে।




























