নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা পৌরসভার বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে হত্যা চেষ্টার মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শিবলুকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর ৫ অক্টোবর সোমাবার সন্ধ্যায় তাকে ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৪ সালে নকলা উপজেলার চরমধুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শিবলু নকলা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান লিটনের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নকলা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি প্রাণে বেচেঁ যান এবং সুস্থ হন। ওই নাটকীয় ঘটনায় মামলা হলে দীর্ঘ আইনী লড়াই শেষে ২০০৯ সালে আদালত শিবলুকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পর থেকেই শিবলু পালিয়ে ছিলো।









