শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই শত সংকট মোকাবিলা করে বারবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। তিনি ৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল মিলানায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। করোনাসহ সকল সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর পাশে থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান বেগম মতিয়া চৌধুরী।
বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো সভ্য সমাজে তাদের জায়গা হতে পারে না। খুব শীঘ্রই খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ, সাংবাদিক ছাত্রনেতা মানিক লাল ঘোষ, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান।




















