শ্যামলবাংলা ডেস্ক : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসারপ্রাপ্ত) ড. এ কিউ এম মাহবুবকে সেখানকার ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২ সেপ্টেম্বর বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে। আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. এ কিউ এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হলো।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।



















