ads

শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একটি মহল দুর্নীতিবিরোধী অভিযানের অন্ধ সমালোচনায় লিপ্ত : কাদের

খবর টি পড়েছেন : ১৭২
একটি মহল দুর্নীতিবিরোধী অভিযানের অন্ধ সমালোচনায় লিপ্ত : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করাকেই দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনের ব্রত করে নিয়েছে। তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে। ১৮ জুলাই শনিবার সংসদ ভবনের তার সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপি বলছে, সরকার না-কি অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে। অথচ বিএনপির আমলেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য। যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে ‘নাটক’ বলে পরিহাস করা মানায় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এদেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুর পরিবার। তাই সরকার ও শেখ হাসিনার অর্জন গুটিকয়েক ব্যক্তির লোভের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে না।

Shamol Bangla Ads

করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে না পারলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরাও আভাস দিয়েছেন। এই কারণে আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, সরকার ঈদে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশুরহাট, লঞ্চ-বাস-ট্রেন, স্টেশন ও ফেরিঘাট এবং শপিং মলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে যারা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে সেতুমন্ত্রী বলেন, যারা সম্মুখসারিতে কাজ করছেন জাতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতি তাদের এই ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তারাই হচ্ছেন অন্যদের বেঁচে থাকার প্রেরণা। তিনি বলেন, দেশে ক্রমশ বন্যা ছড়িয়ে পড়ছে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২ লাখ… পরবর্তী সংবাদ নৌবাহিনীর নতুন প্রধান শাহীন ইকবাল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads