ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। ২১ জুন রবিবার সকালে উপজেলার বাকাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে স্থানীয় মৃত ওজিৎ স্কুর স্ত্রী রেজিনা ম্রং (৪৫), অনিল মানখিনের স্ত্রী নিলু ম্রং (৩৫), ইলিয়াস ম্রংয়ের স্ত্রী তৃপ্তি (৩৫) ও অনিল মানখিনের মেয়ে গ্রেসী ম্রং (১৩)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকাকুড়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টারসহ গ্রামবাসীরা জানান, ওই গ্রামের সমিকা ম্রংয়ের বাড়ির আশ্রিতার কন্যা উর্সুলা ও তার সহযোগিরা অসৎ উদ্দেশ্যে জাল জালিয়াতির মাধ্যমে ওই জমি তাদের নিজের নামে কাগজপত্র করে নেন। এ নিয়ে সমিকা ম্রং আদালতে নিষেধাজ্ঞাসহ একাধিক মামলা দায়ের করেন, যা এখনও চলমান রয়েছে। অপরদিকে আদালতের নির্দেশ অমান্য করে উর্সুলা ও তার লোকজন তর্কিত জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। রবিবার সকালে ভবন নির্মাণ কাজ শুরু করলে সমিকা ম্রংয়ের লোকজন তাদের বাধা দেয়। ওইসময় উত্তেজিত হয়ে উর্সুলা ম্রং ও তার লোকজন লাঠিসোঠা নিয়ে তাদের উপর আক্রমণ চালায়। এতে ওই ৪ জন আহত হয়। ওই ঘটনায় সমিকা ম্রং বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঝিনাইগাতী থানার এসআই সাইদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









