শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনা সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বন করে যাচ্ছে। তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার ও গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছে। এই মিথ্যাচার করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। তিনি ১৭ জুন বুধবার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না। ধুলোজমা মরচে ধরা চশমা সরিয়ে এই সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদান করতে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
ওবায়দুল কাদের বলেন, করোনার নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়। তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে শুরুতেই কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি।




















