শ্যামলবাংলা ডেস্ক : চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে জারিকৃত এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাতকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন নিয়োগ দেয়া হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা বেগমকে। ১ মে বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন নিয়োগ দেয়া ইউএনওকে আগামী ৩ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ১৫ টন চাল কেলেঙ্কারির অভিযোগে পেকুয়ার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই ১৫ টন চাল কেলেঙ্কারিতে জড়িত থাকাসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ- চাল কেলেঙ্কারির মূল হোতা ইউএনও। তিনিই কৌশলে জাহেদুল চেয়ারম্যানকে ফাঁসিয়েছেন। তবে স্থানীয় সাধারণ মানুষরা বলছেন, ইউএনও সাঈকা ও চেয়ারম্যান জাহেদুল যোগসাজশে চাল চুরির কাণ্ড ঘটিয়েছেন।
উল্লেখ্য, চেয়ারম্যান জাহেদুলকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্তের পর এবার ইউএনও সাঈকাকেও প্রত্যাহার করা হলো।




























