স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে এবার দৈনিক ৫শ প্যাকেট ইফতারী বিতরণ কার্যক্রম শুরু করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর’র সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি ২৫ এপ্রিল শনিবার প্রথম রমজানের বিকেলে শহরের ঢাকলহাটী মহল্লায় ওই কার্যক্রমের সূচনা করেন। এরপর শহরের নিউমার্কেট, থানা মোড় ও সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কিছু এলাকায় ওই ইফতারীর প্যাকেট বিতরণ করা হয়। তার এ ব্যতিক্রমী কর্মকাণ্ডে ইফতারীর প্যাকেট পাওয়া অসহায় লোকজনসহ অনেকেই বেজায় খুশি।
ইফতারী বিতরণকালে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগের সম্পাদকমন্ডলীর সদস্য মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুর পৌর শহরসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক, সাবানসহ খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হলো। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম এবং পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। সেইসাথে তিনি জাতির এ ক্রান্তিকালে সমাজের সম্পদশালী ব্যক্তিদের প্রত্যেকেরই সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।
https://www.facebook.com/ShamolBangla24/videos/1137885673277320/









