স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে জেলা নাগরিক সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক মানুষের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন মিনাল। খাদ্যসামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আলু ইত্যাদি।

খাদ্যসামগ্রী বিতরণকালে নাগরিক সমাজের নেতা তাপস কুমার সাহা ও হারেজ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে নাগরিক সমাজের উদ্যোগে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীসহ শহরের কয়েকটি এলাকা এবং চরমুচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার ও লছমনপুর ইউনিয়নের লছমনপুর এলাকায় আরও ৪ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই লিফলেট ও মাইকিং প্রচারণাসহ শহর ও বিভিন্ন হাটবাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এ ব্যাপারে নাগরিক সমাজের সদস্য সচিব মিনহাজ উদ্দিন মিনাল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় সরকার ও প্রশাসনের পাশাপাশি শেরপুরে কাজ করছে নাগরিক সমাজ। পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত নাগরিক সমাজ আর্তমানবতার সেবায় কাজ করে যাবে বলে তিনি জানান।









