শ্যামলবাংলা ডেস্ক : করোনা সংকট এড়াতে আরও ৫০ লাখ রেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের ৯ জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে তিনি ওই কথা জানান।

তিনি বলেন, ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, যারা ১০ টাকার চাল পায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আরো ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব। আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়। ওই ধরনের কিছু ঘটনা ঘটার ফলে এটা স্থগিত করে তালিকা করার জন্য নির্দেশ দিয়েছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আসন্ন রমজানে পণ্য সরবরাহ যেন সচল থাকে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ যেকোনো স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন।

করোনা সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের সঙ্গে মানবিক আচরণ করুন। তাদের সঙ্গে অমানবিক আচরণ না করে সুরক্ষিত থাকুন। সবাইকে সুরক্ষিত থাকতে হবে। মাস্ক পরুন, গরম পানি খান, নিজেকে সুরক্ষিত রাখুন। ওইসময় আসন্ন রমজান মাসে পণ্য পরিবহন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা।



















