
স্টাফ রিপোর্টার ॥ করোনা উপসর্গ জ্বর, সর্দিকাশি, গলাব্যথা ও পাতলা পায়খানা নিয়ে শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (৪২) ও ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের আলী হোসেনের এক বছর বয়সী কন্যাশিশু আসিফা। খবর পেয়ে ৯ এপ্রিল বৃহস্পতিবার স্ব-স্ব উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই মৃতদের বাড়িতে হাজির হয়ে করোনা সংক্রমণ ছিলো কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। সেইসাথে আশেপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার সাইদুল ইসলাম বাড়ি বাড়ি ঘুরে কবুতর বিক্রি করতেন। বৃহস্পতিবার জ্বর, সর্দিকাশি, গলাব্যথা ও পাতলা পায়খানা নিয়ে মারা যান তিনি। পরে করোনা সন্দেহে ওই বাড়িসহ আশপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করে নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ওই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া ঝিনাইগাতীর শিশু আসিফা বুধবার রাতে জ্বর ও সর্দি-কাশিতে ভুগে মারা যায়। খবর পেয়ে ওই শিশুসহ তার বাবা-মা ও দাদা-দাদীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আর নমুনার ফলাফল না পাওয়া পর্যন্ত তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার আরও ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ। বুধবার পাঠানো ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, তবে কারোরই করোনা সংক্রমণ ধরা পড়েনি বলেও তিনি জানিয়েছেন।









